Doinik Bangla Khobor

আতঙ্ক কাটিয়ে ফের চালু দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ড্রোনের আঘাতে বড় অগ্নিকাণ্ডের জেরে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা)-এর দিকে সীমিত আকারে বিমানবন্দরটির ফ্লাইট অপারেশন চালু হয়েছে। বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিএক্সবি) এবং দুবাইয়ের জনসংযোগ দপ্তর উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।

ডিএক্সবি এর টুইটবার্তায় বলা হয়েছে, সীমিত আকারে ফ্লাইট অপারেশ চালু হয়েছে এবং আপতত কার্গো বিমানের পাশাপাশি কিছু জরুরি বাণিজ্যিক ফ্লাইট চলছে। এছাড়া বেশ কিছু ফ্লাইট আল মাকতোম বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে।

বাতিল হওয়া অন্যান্য ফ্লাইটগুলোও পর্যায়ক্রমে চালু হবে উল্লেখ করে ডিএক্সবির টুইটবার্তায় আরও বলা হয়েছে যে যাত্রীরা যেন আতঙ্কিত না হোন এবং এয়ারলাইন্স বা বিমান পরিষেবা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ হয় এবং তার জেরে বিমানবন্দরের বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টায় ‍নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

আগুন লাগার পর সব ফ্লাইট বাতিলের আদেশ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে পৃথক এক বিবৃতিতে এই আদেশ অস্থায়ী বলে জানায় দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।

উল্লেখ্য, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন-অবতরণ করে, যাত্রাবিরতি দেয়।। বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে যেতে এই বিমানবন্দর ব্যবহার করেন।

সূত্র : রয়টার্স