অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এক সরকারি বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ কর্তৃপক্ষ।
ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, আমিরাতের আকাশসীমায় প্রবেশ করা একটি মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) সফলভাবে প্রতিহত করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এ ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে। গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়লে অযথা আতঙ্ক সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সূত্র : গালফ নিউজ