Doinik Bangla Khobor

আশুলিয়ায় মাদ্রাসায় হামলার অভিযোগ, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় চাঁদা না দেওয়ার জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

দারুল ইহসান ট্রাস্টের সংশ্লিষ্টদের দাবি, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গফুর মিয়া এবং ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল মাদ্রাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, চাপাতি, কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসার গেট ও অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।

মাদ্রাসাটি দারুল ইহসান ট্রাস্টের অধীন একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। হামলার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত সরে যায়। এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে।

এ ঘটনায় মাদ্রাসার উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ আশুলিয়া থানায় মো. গফুর মিয়াকে প্রধান আসামি করে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. গফুর মিয়া বলেন, “বাদী ইতোমধ্যে আদালতে গিয়ে মামলা প্রত্যাহার করেছেন।”

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।