Doinik Bangla Khobor

ইরাকে মার্কিন স্থাপনায় ইরানপন্থী মিলিশিয়াদের হামলার হুমকি

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: ইরাকে যে কোনো সময় হঠাৎ হামলা হতে পারে, তাই সতর্ক থাকতে বলেছেন মার্কিন দূতাবাস। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাগদাদের মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে এই সতর্কতা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সঙ্গে সর্ম্পকিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে মধ্য বাগদাদে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে।’

মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরান ও ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাকি কুর্দিস্তানসহ পুরো ইরাকে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

তারা মার্কিন নাগরিক, ব্যবসা, বিশ্ববিদ্যালয়, দূতাবাস, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্র সম্পর্কিত অন্যান্য স্থান, পাশাপাশি ইরাকি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকেও লক্ষ্য করতে পারে। মিলিশিয়ারা আমেরিকানদের অপহরণের পরিকল্পনাও করছে। তাই এখনই মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগ করতে বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরাকি সরকার এখনো দেশের ভিতরে বা বাইরে ‘সন্ত্রাসী’ হামলা থামাতে সক্ষম হয়নি।

ইরান সমর্থিত মিলিশিয়াগুলো নিজেদের ইরাকি সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বলে দাবি করতে পারে এবং সরকারি পরিচয়পত্র দেখাতে পারে। তাই ইরাকে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদে প্রস্থান করতে ইউ.এস. মিশন খোলা রয়েছে। কিন্তু নিরাপত্তার কারণে বাগদাদের দূতাবাস বা এরবিলের কনস্যুলেটে সরাসরি যাওয়ার চেষ্টা না করে সেখানে অবস্থানরত কর্মীদের সঙ্গে যোগোযগ করতে বলা হয়েছে।
ইরাকে থাকা মার্কিন দূতাবাস লেভেল ৪ সতর্কবার্তা জারি করেছে।

তারা বলছে, ‘কোনো কারণেই ইরাকে ভ্রমন করবেন না। যদি সেখানে থাকেন, এখনই চলে যান। মার্কিন নাগরিক যারা ইরাকে থাকতে চাইছেন, তারা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন।’