Doinik Bangla Khobor

কুড়িগ্রামবাসীর স্বস্তির ঈদযাত্রার জন্য স্পেশাল ট্রেন চান ড. আতিক মুজাহিদ

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি কমাতে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) রেলমন্ত্রীর কাছে একটি ডিও লেটার (পত্র) প্রদান করেন তিনি।

ওই প‌ত্রে এমপি ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি জনবহুল জেলা। জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে জেলার বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও আশপাশের এলাকায় বসবাস করেন।

প্রতি বছর ঈদের ছুটিতে হাজার হাজার কর্মজীবী মানুষ নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ জেলায় ফে‌রেন। কিন্তু বর্তমানে ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী (কু‌ড়িগ্রাম এক্স‌প্রেস) ট্রেনের সংখ্যা যাত্রীচাপের তুলনায় অত্যন্ত সীমিত। ফলে ঈদের সময় যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়।
অন্যদিকে সড়কপথে দীর্ঘ যানজট ও পরিবহন সংকটের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

এ অবস্থায় কুড়িগ্রামবাসীর নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অন্তত দুই থেকে তিনটি অতিরিক্ত ‘স্পেশাল ট্রেন’ চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কুড়িগ্রামবাসীর যাতায়াতের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আসন্ন ঈদের আগে ও পরে এই রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’

ড. আতিক মুজাহিদ বলেন, ঢাকায় কর্মরত কুড়িগ্রামের মানুষ যাতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ঈদ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে যেতে পারেন। সেই বিষয়টি বিবেচনায় রেখেই রেলপথ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর আবেদন জানানো হয়েছে।

এই দাবি বাস্তবায়িত হলে শুধু কুড়িগ্রাম নয়, রংপুর বিভাগের অনেক যাত্রীর যাতায়াতের দুর্ভোগ কমবে।’
এদিকে কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, ‘কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ সবসময়ই কুড়িগ্রামের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে তিনি রেলপথ মন্ত্রণালয়ের কাছে ঢাকা-কুড়িগ্রাম রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর আবেদন করেছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকায় কর্মরত কুড়িগ্রামবাসীর ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে।’