
বিশেষ প্রতিবেদক :
মূল গেইটে সামনেই দালাল সিন্ডিকেটের লোকজনের ডাকাডাকি, হয়রানি ছাড়া পাসপোর্ট আবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি আর নিশ্চয়তার বুলি। আর গেইটে ঢুকতেই আনসার সদস্যের দালালিও চোখে পড়ার মতো। বলছিলাম গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম আর পাসপোর্ট সেবা গ্রহিতাদের হয়রানির কথা।
পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপপরিচালক মোক্তার হোসেন জোর তদবির এর মাধ্যমে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৪/৫ আগে যোগদান করেন। তার যোগদানের পর থেকেই দালাল সিন্ডিকেটের মূল হোতারা প্রকাশ্যে সক্রিয় এবং অফিসটির সামনে এবং ভিতরেও দালালদের সরাসরি আনাগোনা দৃশ্যমান।
অন্যদিকে প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক আল আমিন আহমেদ রয়েছেন নিচ তলায় গ্রাহকদের আবেদন পত্র জমা নিতে ব্যস্ত। সরেজমিনে স্থানীয় সূত্রে জানা যায়, ডিডি মোক্তার হোসেন যোগদানের বহু আগে থেকেই গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত আছেন উপসহকারী পরিচালক আল আমিন আহমেদ। স্থানীয় সূত্র এবং দালাল সিন্ডিকেটের সূত্র মতে জানা যায়, উপপরিচালক মোক্তার হোসেন যোগদানের পর তার অদৃশ্য যোগসাজশে উপসহকারী পরিচালক আল আমিন আহমেদকে দিয়ে তিনি পাসপোর্ট সেবাগ্রহীতাদের আবেদনে নানান ভুল ধরে হয়রানির এক পর্যায়ে গ্রাহকদের বাধ্য করেন দালালদের শরণাপন্ন হতে।
সরেজমিনে অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যের সাথে কথা বললে তাদের একজন জানান, এখানে দালাল সিন্ডিকেটের চেনের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা না দিলে অনেক হয়রানির শিকার হতে হয়। সরেজমিনে দেখা যায়, স্বয়ং আনসার সদস্যরাও গ্রাহকদের সাথে কথা বলে দালালদেরকে মোবাইল ফোনে কল করে এনে গ্রাহকদের সাথে যোগাযোগ করিয়ে দেন।
সরেজমিন অনুসন্ধানকালে গাজীপুর জেলার কাপাসিয়া থেকে আসা আবুল বসার জানান,আমি আগে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম।এখন আইডি কার্ড দিয়ে নতুন করে পাসপোর্ট করতে আসছি। নিজেই সরাসরি আবেদন জমা দিতে গেলে ভিতর থেকে দুইবার ভুল ধরে আমাকে ফেরত দেওয়া হয়। আমি বিরক্ত হয়ে এক দালালের মাধ্যমে ২ হাজার টাকা বেশি দিয়ে কোন ঝামেলা ছাড়াই আবেদন জমা দিয়ে আসলাম।
অন্যদিকে শ্রীপুর উপজেলা থেকে আসা ওমর ফারুক নামের একজন গ্রাহক জানান, আমি সৌদিতে যাবো ড্রাইভিং ভিসায়। আমার আবেদনে পেশা ড্রাইভার উল্লেখ থাকায় আমার আবেদনটি ফেরত দেওয়া হয়। আমি যে একজন ড্রাইভার সকল কাগজপত্র জমা দেওয়ার পরও আমাকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে প্রত্যয়ন এনে জমা দেওয়ার জন্য বলে আমার আবেদনটি ফেরত দেওয়া হয়।
জেলার টঙ্গী থেকে আসা, রিপন নামের একজন গ্রাহক জানান, আমি নতুন পাসপোর্ট করতে এখানে আজ সহ তিনদিন আসছি। আমি আবেদন নিয়ে গেলেই বিভিন্ন কারণ দেখিয়ে আমার আবেদনটি ফেরত দেওয়া হয়। এখন বাধ্য হয়ে ২২০০ টাকা বেশি দিয়ে দালালের মাধ্যমে আবেদনটি জমা দেই।
সরেজমিনে অনুসন্ধানকালে আরো জানা যায়, ডিডি মোক্তার হোসেন যোগদানের পর থেকে গাজীপুর পাসপোর্ট অফিসটিতে শতকরা ৬০% এর বেশি আবেদন দালাল সিন্ডিকেটের চেনের মাধ্যমে জমা হয়। দালালদের মাধ্যমে প্রতিটি রেগুলার আবেদন থেকে উপসহকারী পরিচালক আল আমিন আহমেদ এর মাধ্যমে ডিডি মোক্তার হোসেনকে আবেদন ফাইল গুনে গুনে ফাইল প্রতি ১ হাজার থেকে শুরু করে আবেদনে কোন ধরনের জটিলতা থাকলে কাজের ধরণ বুঝে চুক্তি অনুযায়ী মোটা অংকের টাকার বিনিময়ে করা হয় পাসপোর্ট আবেদন।
উপরোক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির উপপরিচালক মোক্তার হোসেনকে তার বক্তব্যের জন্য একাধিক বার কল দিলেও তিনি বার বার কলটি কেটে দেন।