Doinik Bangla Khobor

দূতাবাসের জাল নিয়োগপত্র ও সিলসহ দুই প্রতারক ডিবির জালে

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় রাজধানীর মিরপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন— মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধায় ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুরে মঙ্গলবার রাত সাড়ে ১০ ঘটিকায় মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটের “মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার” দোকানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত দুইজনকে করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে তৈরি বিভিন্ন জাল কাগজপত্র, নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুত্র: কালের কণ্ঠ