নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপি হয়েছে এবং সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে তা পরিষ্কার হয়ে গেছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এই ঘটনার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে সাবেক এই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করে বলেন, ‘‘নির্বাচনে যে সূক্ষ্ম কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট। এই প্রক্রিয়ার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল, তা উদঘাটন করতে তাকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’’
সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে গণভোটের রায় বানচাল করার ষড়যন্ত্রের অভিযোগও তোলে জামায়াত। ডা. তাহের বলেন, ‘‘সরকার গণভোটের রায়কে পাশ কাটানোর পাঁয়তারা করছে। স্পিকার নিয়োগের বিষয়টি বর্তমান সংবিধান নাকি সংস্কার প্রস্তাবনা অনুযায়ী হবে, সে বিষয়ে সরকার এখনো ধোঁয়াশা রেখে দিয়েছে।’’
এছাড়া বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘‘লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির সঙ্গে তিনি গোপন আঁতাত করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।’’