Doinik Bangla Khobor

মুসলিমবিরোধী স্লোগানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লামিনে ইয়ামাল

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্পেন মিশরের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল। বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হলো, স্টেডিয়ামে শোনা মুসলিমবিরোধী স্লোগান।

রিয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এ ঘটনার তীব্র নিন্দা জানায়। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বার্সেলোনার মুসলিম খেলোয়াড় লামিনে ইয়ামালও স্লোগানগুলোকে ‘অসম্মানজনক ও অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানান।

ইয়ামাল নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, তিনি মুসলিম হওয়ায় এই ধরনের বক্তব্যের প্রতি কষ্ট অনুভব করেছেন। তিনি বলেন, ‘স্টেডিয়ামে ধর্ম ব্যবহার করে অন্যকে অপমান করা অজ্ঞতা ও বৈষম্যের পরিচয়।’

১৮ বছর বয়সী ইয়ামাল বর্তমান স্পেন জাতীয় দলের খেলছেন এবং ইউরো ২০২৪-এ দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার বাবা মরোক্কান, মা ইকুয়েটোরিয়াল গিনি, কিন্তু ছোটবেলা থেকেই তিনি স্পেনের হয়ে খেলছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান। আইনমন্ত্রী ফেলিক্স বোলানিওস বলেন, ‘যারা এমন ঘৃণাসূচক স্লোগান দিচ্ছে, তারা সমাজে সহিংসতা ছড়াচ্ছে।’

কাতালুনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজও ইয়ামালকে সমর্থন জানান এবং বলেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে।

ঘটনায় কাতালান পুলিশ তদন্ত শুরু করেছে। ফিফাও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং রিপোর্ট বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে ২০৩০ বিশ্বকাপ বা ফাইনালের আয়োজনে স্পেনের অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না।