খেলাধুলা ডেস্ক: নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালেও আইসিসি তা মানেনি, উল্টো টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে হয়েছিল টাইগারদের। এবার ফুটবলে ঠিক একই রকম পরিস্থিতির মুখে পড়েছে ইরান। আসন্ন ফিফা বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটি।
আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন।
ট্রাম্পের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, ‘যখন সরাসরি বলা হচ্ছে ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তখন যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ মূলত খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই মেক্সিকোয় ম্যাচ আয়োজনের এই বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে স্পষ্ট করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সামরিক সংঘাতের এই প্রেক্ষাপটে জাতীয় দলের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের পক্ষে বেশ কঠিন।
তবে এত কিছুর পরও ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি বলে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ফেডারেশনই। তবে এখন পর্যন্ত ইরান আমাদের জানিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নেবে।’