Doinik Bangla Khobor

কুমিল্লায় পৃথক ৪ দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৬ জনের প্রাণহানি

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: কুমিল্লায় পৃথক ৪টি দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৬ জন নিহত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি, নিমসার, চান্দিনা এবং চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

পুলিশ জানায়, এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে দুর্ঘটনায় নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার সোহেল রানা নিহত হন। এর আগে ভোরে দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হন। তারা হলেন—সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে চালকসহ ৬ জন মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্টো পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো. সাগর মিয়া (৩৫) আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তাইম (১৫) চান্দিনা বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা কাঠের পোল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় সে নিহত হয়। অপরদিকে মহাসড়কের চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় বাস ছাপায় একজন অজ্ঞাত নারী (৫০) নিহত হয়েছে।

কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার শাহিন আলম খান বলেন, পৃথক ৪টি দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আমরা এসব দুর্ঘটনার তদন্ত করে দেখছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।