
বিশেষ প্রতিবেদক: কুমিল্লা কোতোয়ালী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ফোনে মামলা দেওয়ার হুমকি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন এএসআই মঞ্জুরুল ইসলাম। এ ঘটনায় একটি কথিত অডিও রেকর্ডিং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, শারীরিকভাবে প্রতিবন্ধী ওই ব্যক্তিকে ফোনে ভয়ভীতি দেখানো হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ফোনালাপের সময় অশ্রাব্য ভাষাও ব্যবহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অডিও রেকর্ডিংয়ে হুমকিমূলক বক্তব্য ও গালিগালাজ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে অডিওটির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক মনে করছেন, এএসআই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের স্বচ্ছতা নিয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত চলমান থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। তাদের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই মঞ্জুরুল ইসলাম বলেন,
“যাকে ফোন করা হয়েছে তার কাছে একটি চোরাই মোবাইল রয়েছে বলে আমার কাছে তথ্য আছে। প্রায় দুই মাস ধরে বিভিন্ন অজুহাতে সময় নিচ্ছিল। এ কারণে রাগের মাথায় কথা বলেছি।”
এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট অভিযোগ ও কথিত অডিও রেকর্ডিংয়ের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চললেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তদন্তের ফলাফলের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

