Doinik Bangla Khobor

চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় মামলা, খালপাড় উজাড়ের আশঙ্কা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে বিএনপি নেতা পরিচয় ব্যবহারকারী আব্দুল্লাহ আল বাকির বিরুদ্ধে কৃষিজমি ও খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি সদর দক্ষিণ উপজেলার বোয়ালজুড়ি খালপাড় এলাকায় তার নেতৃত্বাধীন সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ আল বাকি (পিতা—মৃত রোশন আলী), সাং সুয়াগাজী পশ্চিম বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা। তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে সদর দক্ষিণ, লালমাই ও চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ মাটি ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। কৃষিজমি, নদী, খাল, বিল ও ফাঁকা জমি থেকে মাটি কেটে বিপুল অর্থের মালিক হয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

 

অনুসন্ধানে জানা গেছে, আব্দুল্লাহ আল বাকি বিএনপির কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। সাম্প্রতিক আন্দোলনের পর থেকে তিনি প্রায় অর্ধকোটি টাকা মূল্যের গাড়িতে চলাচল করছেন বলেও এলাকাবাসীর অভিযোগ।

 

এদিকে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের পূর্ব সাহাপুর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় আব্দুল্লাহ আল বাকিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সীমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে কৃষিজমিতে ভেকু দিয়ে মাটি কাটার সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

 

তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ভেকু ফেলে পালিয়ে যায়। পালানোর আগে ভেকুর ব্যাটারি খুলে নেওয়ায় সেটি জব্দ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

 

মামলায় আব্দুল্লাহ আল বাকির পাশাপাশি মো. নাদিম, আব্দুল ওহাব, শাখাওয়াত হোসেন চৌধুরী ও আবু তাহেরের নাম উল্লেখ করা হয়েছে। উপজেলা প্রশাসনের দাবি, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের জমির ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

অন্যদিকে সদর দক্ষিণ উপজেলার বোয়ালজুড়ি খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ভেকু ও ট্রাক্টরের মাধ্যমে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে খালপাড় ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

 

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের কারণে এসব কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

 

চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ জানিয়েছে, দায়ের করা মামলার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।