টাঙ্গাইলে সমাবেশে আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জাতীয়

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে বিএনপির সমাবেশে লজিস্টিক সাপোর্ট দিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া মো. জনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, ওই সমাবেশে ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে কাজ করার সময় গুরুতর আহত হন জনি। এরপর থেকে তার চিকিৎসায় পরিবারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করা হলেও বর্তমানে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

এ খবর জানার পর জনির পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় চিকিৎসাধীন জনির সঙ্গে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি জনির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে জনির চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে তারেক রহমানের নির্বাচনি সমাবেশে ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. জনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.