দিল্লি বা পিন্ডির মোহ নয়, আমাদের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’: তথ্যমন্ত্রী

রাজনীতি

অনলাইন ডেস্ক: নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কিছু মহল মাত্রা ছাড়িয়ে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে ‘মব কালচার’-এ রূপ দিতে চায়। এতে জাতি সতর্ক হয় এবং প্রশ্ন উঠে—আবারও কোনো ভিন্ন রাজনৈতিক মানসিকতা ফিরে আসছে কি না।

শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, আমাদের সরকার অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশী জাতীয়তাবাদকে মূর্তমান করছে। আমাদের স্পষ্ট স্লোগান—সবার আগে বাংলাদেশ। দিল্লির প্রতি যাদের মোহ রয়েছে বা পিন্ডির প্রতি যাদের টান রয়েছে, আমরা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদের ঘুম ভাঙাতে চাই।

জহির উদ্দিন স্বপন জোর দিয়ে বলেন, মশিউর রহমান যাদু মিয়া ছিলেন দূরদর্শী নেতা, যিনি ধানের শীষ প্রতীক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাতে তুলে দিয়েছিলেন। এই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে ধানের শীষের নেতৃত্ব আজ তারেক রহমান-এর হাতে।

তিনি বলেন, মার্চের ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও সংসদীয় গণতন্ত্র ও রাজনীতির যাত্রা পুনরায় শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, জাতির সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে, নিয়মিত ও স্বাভাবিক বিতর্ককে মব কালচারে রূপান্তরিত করার চেষ্টা প্রতিহত করা জরুরি। এজন্য সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.