
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী–এর সন্তান। পারিবারিকভাবে তিনি একটি সমৃদ্ধ রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভের পর তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আইনশাস্ত্রের সঠিক প্রয়োগ এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা তার অন্যতম অঙ্গীকার বলে জানা গেছে।
এর আগে, গত ২৭ ডিসেম্বর তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য রয়েছে।

