
অনলাইন ডেস্ক: কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, যারা নদী ও খঅল দখল করেছেন, তার জোচ্চোর ও দুষ্কৃতকারী। নদী ও খাল যারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ হতে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
আমিন উর রশিদ বলেন, নির্বাচনের আগে হগলে (সবাই) অনেকে অনেক কথা বলেন, পরে বাস্তবায়ন করে না। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি প্রমাণ করেছে, আমরা কথায় কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে।
তিনি বলেন, দলের চেয়্যারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। এদিকে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে।
একমাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক।
তিনি আরো বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিকেলি ভালো হয়ে যাবে।
ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, অতিরিক্ত সচিব বিএডিসি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।

