প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

জাতীয়

অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়-এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

 

মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

এক্স পোস্টে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) তারিখে স্বাক্ষরিত একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। চিঠিতে ট্রাম্প লেখেন, নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আমেরিকার জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে একটি সফল মেয়াদ কামনা করছেন।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সম্প্রতি সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তির কথাও তুলে ধরা হয়, যা বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। চুক্তিটি উভয় দেশের শ্রমিক ও কৃষকদের জন্য কল্যাণকর বলেও উল্লেখ করা হয়।

 

এছাড়া নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার বিষয়েও আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, এর মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও দৃঢ় করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.