বাংলাদেশ-চীন সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে যৌথ উদ্যোগের তাগিদ

বাংলাদেশ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় অবস্থিত চীন দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও মিন।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ন ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধুদেশ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের স্থপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং একইসঙ্গে খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ ও চীনের প্রাচীন সভ্যতার পারস্পারিক সাদৃশ্যের কথা উল্লেখ করেন। তিনি চীনের সাংস্কৃতিক সহযোগিতা ও অবদানকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে শিল্পী ও সংগীত দল বিনিময়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতা কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে নাটক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কলার পারস্পরিক বিনিময় ও প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মত প্রকাশ করেন।

এসময় দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয় বলেও জানানো হয়।

এছাড়া জানানো হয়, উভয়পক্ষ ভবিষ্যতে সাংস্কৃতিক বিনিময়, শিল্পকলা প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও চীন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.