বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

সারাদেশ

অনলাইন ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ ৩ তলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় চোরেরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে বাগেরহাট জেলা প্রশাসন। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য অর্ধলাখ টাকারও বেশি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, আইজিপির বাড়িতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা বের করার জন্য আমরা কাজ করছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.