Doinik Bangla Khobor

শ্রীপুর পৌরসভার চন্নাপাড়ায় ডোবা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। মাত্রা বাড়ার একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলে মানব দেহের খণ্ডিত অংশ। খবর যায় পুলিশে, ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখেন নারীর দেহের তিনটি অংশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর কয়েক খণ্ড মরদেহ উদ্ধার করে। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। পরে সেখানে কচুরিপানাসহ কয়েক জাতের মাছ জন্ম নেয়। শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়া তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পায় বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত কাজ চলছে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।জানান।