সাড়ে ৬০০ এসআই-সার্জেন্টের চাকরি ফেরানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয়

অনলাইন ডেস্ক: দলীয় প্রভাবের অভিযোগে চূড়ান্তভাবে বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্টকে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আদালতের রায়ের আলোকে তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং চাকরিতে ফিরতে পারবেন।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া এসব কর্মকর্তার ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল। তবে শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি। আদালতের রায়ের ভিত্তিতে তাদের পুনর্বহালের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। কিন্তু কী কারণে অনুমোদন দেওয়া হয়নি, তা জানা যায়নি। তিনি জোর দিয়ে বলেন, “তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং পুনরায় নিয়োগ লাভ করবেন।”

 

এদিকে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে বর্তমানে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পুলিশের কার্যক্রমে অনধিকার হস্তক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী পুলিশের কাজে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে পারবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.