
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর ২০২৫) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ এদিন আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যে জানা গেছে এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ যেকোনো মুহূর্তে দেশত্যাগের চেষ্টা করতে পারেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরের ইমিগ্রেশনকে সতর্ক করে তার বিদেশ গমন রোধ করা জরুরি। শুনানি শেষে বিজ্ঞ আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ফয়সালের পরিবারের সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, সহযোগী মো. কবির, রেন্ট-এ-কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী এবং পালিয়ে যেতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম। এর মধ্যে ফয়সালের বাবা ও মা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবর্ষণে গুরুতর আহত হন ওসমান হাদি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে হত্যা মামলা (৩০২ ধারা) হিসেবে তদন্তাধীন রয়েছে।

