১০ লাখ রুপি জরিমানার মুখে শাহীন শাহ আফ্রিদি

খেলা

খেলাধুলা ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএিএল) নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের ঘটনায় জরিমানার মুখে পড়েছেন শাহীন শাহ আফ্রিদি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে লাহোর কালান্দার্স তার ওপর ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩,৫০০ মার্কিন ডলার) জরিমানা আরোপ করেছে।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দলের অধিনায়ক আফ্রিদি নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের ঘটনায় জড়িত থাকায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তারা ‘দায়বদ্ধতা ও শৃঙ্খলার উদাহরণ’ হিসেবে দেখছে।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে দলীয় হোটেলে। পাঞ্জাব পুলিশের অভিযোগ অনুযায়ী, আফ্রিদি এবং সিকান্দার রাজা নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে চারজন অতিথিকে জোরপূর্বক রাজার কক্ষে নিয়ে যান। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয়।

এই ঘটনায় পাঞ্জাব পুলিশ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।

তবে ফ্র্যাঞ্চাইজির দাবি, এটি কোনো ইচ্ছাকৃত নিয়ম ভাঙা নয়, বরং একটি ‘ভুল বোঝাবুঝি’। লাহোর কালান্দার্স আরো জানায়, ঘটনাটি অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হয়েছে, যা দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে লিগের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

এদিকে সিকান্দার রাজা নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আগের চারটি পিএসএল আসরেই তিনি দলীয় হোটেলে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। নতুন মৌসুমে নিরাপত্তা নীতিমালার পরিবর্তন সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

তিনি জানান, বন্ধুদের আনা ক্রিকেট ব্যাট বাছাইয়ের জন্যই তাদের কক্ষে নিয়ে গিয়েছিলেন।
এই ঘটনায় রাজার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি লাহোর কালান্দার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.