৫ লাখ টাকা চাঁদা দাবি কথিত সাংবাদিক নেশাখোর রেজার বিরুদ্ধে আদালতে মামলা, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অন্যান্য

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় এক ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক রেজাউল ইসলাম ওরফে নেশাখোর রেজার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান।
জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রেজাউল ইসলাম ওরফে রেজার বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন ব্যবসায়ী মিজানুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলা দায়েরের পর বুধবার (৪ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কথিত সাংবাদিক রেজাউল ইসলাম ওরফে রেজা সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল ‘কুমিল্লা ক্রাইম বার্তা’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার ও তার বড় ভাই মিলন হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের মানহানি করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির মামলা দায়েরের পাশাপাশি ‘কুমিল্লা ক্রাইম বার্তা’ ফেসবুক পেজ থেকে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিজানুর রহমান দাবি করেন, অভিযুক্ত রেজাউল ইসলাম ওরফে রেজা বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে থাকে। কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযুক্ত রেজাউল ইসলাম ওরফে রেজাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.