কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী খুন, রাতেই গ্রেপ্তার ২

সারাদেশ

অনলাইন ডেস্ক: কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পের পল্লানকাটা এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ মার্চ) বিকেলে এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় রাতেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন জিদান ও বাদশা।

কক্সবাজার সদর থানার ওসি ছমি উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত জিদান নামে এক যুবকের কথিত প্রেমিকা ও পরে তার ভগ্নিপতিকে আটক করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিদান ও বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দুটার দিকে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বিজিবি ক্যাম্প এলাকার পল্লানকাটা এলাকায় গণেশ পালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পেয়ারু বলেন, টানা কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর এই সাফল্য আসে।

সুত্র: কালের কণ্ঠ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.