সমালোচনার মুখে ফারুককে বিএনপির সতর্ক চিঠি

রাজনীতি

অনলাইন ডেস্ক: ‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’- এমন বক্তব্যের কারণে চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (১১ মার্চ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। সেখানে দেওয়া তার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যের একপর্যায়ে বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ নয়, ২০৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বোঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি, আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমানকে দিয়েই হবে—এই মানুষটি দিয়েই হবে।

তিনি আরও বলেন, শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।

জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এর মাঝেই আজ তাকে কেন্দ্রীয় দপ্তর থেকে সতর্ক করে চিঠি দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে জয়নুল আবদিন ফারুক বলেন, কয়েকটি গণমাধ্যমে গত সোমবারের একটি প্রোগ্রামে আমার দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ভাইরাল করার চেষ্টা করেছেন। এমন খণ্ডিত বক্তব্য বিকৃতভাবে প্রচারিত হওয়ায় আমি মর্মাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.