‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফসলি মাঠে, স্কুলের মাঠ দখলে মেলার প্রস্তুতি: ব্যাহত হচ্ছে খেলাধুলা ও পরীক্ষার পরিবেশ

অন্যান্য অপরাধ জাতীয় জেলার খবর

কুমিল্লা প্রতিনিধি :
সরকার যখন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো উদ্যোগ নিয়ে দেশব্যাপী খেলাধুলাকে উৎসাহিত করছে, তখন কুমিল্লার বাঙ্গরা উপজেলার ঐতিহ্যবাহী বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখল করে চলছে মেলার প্রস্তুতি। খেলার মাঠের অভাবে এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করতে হয়েছে ফসলি মাঠে। দীর্ঘ তিন মাস ধরে মাঠটি দখল করে ‘শহিদ জিয়ার নামে কুটিরশিল্প বাণিজ্যমেলা’ আয়োজনের প্রস্তুতি চালাচ্ছে একটি চক্র। জেলা প্রশাসন ও পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না থাকা সত্ত্বেও আগামী ২ ডিসেম্বর মেলা উদ্বোধনের ঘোষণা দিয়ে নতুন ব্যানার টাঙিয়েছে আয়োজকরা। নতুন করে মেলাটি শুরু হলে স্কুলের মাঠটি অন্তত ৫ মাস মেলার দখলে থাকবে এবং এই দীর্ঘ সময়টিতে শিক্ষার্থীদের সব ধরনের খেলাধুলা পুরোপুরি বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভাষা আন্দোলনের অন্যতম রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই স্কুলের মাঠটি ব্যবহারের জন্য স্থানীয় মোহাম্মদ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয় পরিচালনা পরিষদের ২৫৯তম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে উদ্বোধনের পূর্বে চুক্তি করার শর্তে মাসব্যাপী মেলার অনুমতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মাত্র ৮০ হাজার টাকার বিনিময়ে মাঠটি ইজারা দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর থেকেই জামাল হোসেনের নেতৃত্বে আয়োজকরা মাঠ দখল করে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করেন।

এদিকে, চুক্তি অনুযায়ী গত ১৪ নভেম্বর মেলা আয়োজকদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও বিদ্যালয়ের পক্ষ থেকে মেলা বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। খেলার মাঠ বন্ধ করে তিন মাস ধরে মেলার প্রস্তুতি চলার সংবাদে কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলমের নির্দেশে বোর্ডের বিদ্যালয় উপ-পরিদর্শক কাজী আপন তিবরানী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানকে ফোন করে মেলা বন্ধ রাখার পরামর্শ দেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রশাসনের অনুমতি না থাকায় মেলাটি শুরু করতে না পেরে আয়োজকরা কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন। শেষ পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি না মিললেও সংসদ সদস্য কায়কোবাদ মেলার অনুমতি দিয়েছেন বলে প্রচার চালাচ্ছেন আয়োজকরা।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে দেশের আইনশৃঙ্খলা নিয়ে যখন পুলিশ চরম ব্যস্ত, ঠিক এমন সময় মেলার মতো একটি বিলাসিতায় কিছুতেই অনুমোদন দেবে না জেলা পুলিশ।” তার পরও যদি কেউ মেলা চালু করতে চায়, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন বলেও হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

এর আগে জেলা পুলিশ সুপারের নির্দেশে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান ও বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমের উপস্থিতিতে পুলিশ মেলার মূল ফটক অপসারণ করেছিল। তবে পুলিশি বাধার পরও আয়োজকরা পিছু হটেননি; বরং ফটকের সামনে নতুন ব্যানার স্থাপন করে আগামী ২ ডিসেম্বর মেলা শুরুর ঘোষণা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক সচেতন নাগরিক জানান, বিদ্যালয়ে বর্তমানে বার্ষিক পরীক্ষা চলছে এবং সামনেই শিক্ষার্থীদের খেলাধুলার মৌসুম। এমন সময়ে স্কুলের মাঠটি দীর্ঘ ৫ মাসের জন্য মেলার দখলে চলে গেলে পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার পাশাপাশি স্থানীয় কিশোর-তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ব্যাহত করে এবং শিক্ষার পরিবেশ নষ্ট করে স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী এমন একটি মেলার অনুমোদন দেবেন—এমনটি বিশ্বাস করতে পারছেন না সুশীল সমাজের অনেকেই। এ ছাড়া এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মেলাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *