
অনলাইন ডেস্ক: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাশিকুল আলম রাশু নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাশু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ঢাকা পোস্টকে বলেন, এক সময় রাসু ছাত্রদল করতেন। পরবর্তীতে রুজু বদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে যুবদলে তার কোনো পদ-পদবী নেই।
তিনি বলেন, খুলনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি রয়েছে। এখনও অস্ত্র উদ্ধার হয়নি। যে কারণে এমন ঘটনা প্রায় ঘটছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেন তিনি।

