জাম্বিয়াকে কোনো সুযোগই দিল না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খেলা

খেলাধুলা ডেস্ক: আফ্রিকার দল জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় তুলে নিবে, সমর্থকদের প্রত্যাশা এমনটাই ছিল। লিওনেল মেসি-আলভারেজদের নৈপুণ্যে কাঙ্ক্ষিত সেই দাপুটে জয়ই তুলে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। জাম্বিয়াকে এদিন ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় মেসির আর্জেন্টিনা।

এই ম্যাচে মেসি পুরো সময় খেলবেন কি না—এই প্রশ্ন ছিল বেশিরভাগ সমর্থকের মনেই। তবে সবাইকে স্বস্তি দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার লক্ষ্যে শেষ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে স্কালোনির দল। আগের ম্যাচে জিতলেও পারফরম্যান্সে পুরো সন্তুষ্ট ছিলেন না তিনি। তাই লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একাদশে ৮টি পরিবর্তন আনেন স্কালোনি।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। হুলিয়ান আলভারেজ গোল করে দলকে লিড এনে দেন। বিরতির ঠিক আগে লিওনেল মেসি নিজেও গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো গোল করেন। এছাড়া জাম্বিয়ার ডমিনিক চান্দা আত্মঘাতী গোল করে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বড় করে দেন।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। ৭৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা মোট ৯টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জাম্বিয়া মাত্র ৩টি শট নিতে পারে, যার একটি ছিল অন টার্গেট।

এই ম্যাচটি ঘরের মাঠে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এমনটা হয়েও থাকে, তাহলে এই ম্যাচে তিনি গোল ও অ্যাসিস্ট করে ম্যাচটি যে স্মরণীয় করে রেখেছেন তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.