কুমিল্লা তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অন্যান্য অপরাধ জাতীয় জেলার খবর

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
কুমিল্লার তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
৩ নভেম্বর মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা।
এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত ইউসুফ ভূঁইয়ার ছেলে জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে প্রতিবেশীদের পক্ষ থেকে তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে তাঁরা জানতে পারেন। ওই দিন দুপুরে প্রতিবেশী হারুন ও তাঁর ভাইদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর বড় ভাই শওকত আলীকে মারধর করা হলে তাঁকে রক্ষা করতে গিয়ে বাবা ইউসুফ ভূঁইয়াও হামলার শিকার হন। পরে তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিতাস থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে নিহতের ছেলে বলেন, এলাকাবাসীর সহযোগিতায় চারজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে মামলার মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি। তাঁদের অভিযোগ, মূল আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারেনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আসামিদের গ্রেফতারের বিষয়ে একাধিকবার থানায় যোগাযোগ করে পুলিশকে প্রয়োজনীয় তথ্য, ফোন নম্বর ও পরিচয়সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয়েছে। এরপরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবারের সদস্যরা হতাশা ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলন থেকে হত্যা মামলার মূল ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, পরিবারের সদস্য ও সাক্ষীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং মামলার অগ্রগতি সম্পর্কে তাঁদের অবহিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে তিনবার অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। আসামিদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী সেনোয়ারা বেগম, মেয়ে ইসরাত জাহান, মস রাফিয়া বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *